বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত?

এলপি গ্যাস আমদানির জাহাজভাড়া ও ডিজেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে মাসের মাঝখানেই ভোক্তাপর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

নতুন সমন্বয়ের কারণে এলপি গ্যাসের  ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ দিনের মধ্যে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়লো ৫৯৯ টাকা। এর আগে, ২ এপ্রিল ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ে ৩৮৭ টাকা, ১৮ দিনের মাথায় আজ বাড়লো আরো ২১২ টাকা।

 
এদিকে দফায় দফায় দাম বাড়ানো হলেও সরকার নির্ধারিত মূল্যে ভোক্তারা এলপি গ্যাসের সিলিন্ডার কিনতে না পেরে ভোগান্তি পড়েছেন। বেশিরভাগ ক্রেতারাই বেশি দামে সিলিন্ডার কিনতে বাধ্য হচ্ছেন। আবার অনেক সময় বেশি দাম দিয়েও সিলিন্ডার কিনতে পারছেন না অনেকে।

এ অবস্থায় সম্প্রতি সরকার নির্ধারিত মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির জন্য পরিবেশক ও খুচরা বিক্রেতাদের অনুরোধ জানিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)।

এতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের গত ৭ এপ্রিল প্রকাশিত পত্রে জানা যায় যে দেশের বিভিন্ন স্থানে গ্রাহক পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে। কিন্তু এলপিজি বোতলজাতকারী প্রতিষ্ঠান থেকে সরকার নির্ধারিত মূল্যেই সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে।
এরই মধ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও জেলা প্রশাসকদের এই অনিয়মের বিরুদ্ধে অভিযান এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *