ফরিদপুরে চাঁদার টাকা না দেওয়ায় বিকাশ পরিবহনের বাস কাউন্টারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলায় লোহার রডের আঘাতে কাউন্টারের ব্যবস্থাপকের মাথা ফেটে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন সহকর্মীরা।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের পৌর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে। আহত নাজির বিশ্বাস (৪৫) নড়াইলের লোহাগাড়া উপজেলার লাহুরিয়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, তিন বছর ধরে বিকাশ পরিবহনের বাস কাউন্টারে ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন। প্রতিদিন দূরপাল্লার ১২টি ট্রিপ ছেড়ে যায়। দুর্বৃত্তরা তার কাছে প্রতিদিন ১২টি ট্রিপের জন্য প্রায় ১০ হাজার টাকা চাঁদা দাবি করতো। দেড় মাস ধরে তারা ট্রিপপ্রতি ৮টি করে সিট চাইতে থাকে এবং প্রতি সিট বাবদ ১০০ টাকা করে দাবি করে। তিনি তা দিতে অস্বীকৃতি জানান।
নাজির বিশ্বাস বলেন, ‘মঙ্গলবার সকালে পাঁচজন এসে দাবি করলো, প্রতি গাড়িতে ৮টি করে সিট দিতে হবে না, একবারে দুই লাখ টাকা দিতে হবে। আমি নাকচ করলে তারা গালাগাল দিয়ে চলে যায়। ১০–১৫ মিনিট পর তারা ফিরে এসে লোহার রড দিয়ে আমার ওপর অতর্কিত হামলা চালায়। রডের আঘাতে আমার মাথা ফেটে যায়। একজন রামদা দিয়ে কোপ দিতে চাইলে আমি হাত দিয়ে ঠেকাই। সহকর্মী ও স্থানীয়রা এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।’ তিনি উল্লেখ করেছেন, হামলাকারীদের মধ্যে তিনজনকে তিনি চিনতে পেরেছেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, “এ বিষয়ে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”