নতুন বাংলাদেশ গড়ার মহোৎসবে শেষ হলো ভোট, গণনা শুরু

বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দিনে হয়ে থাকলো ১২ ফেব্রুয়ারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট একযোগে অনুষ্ঠিত হলো এদিন। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোট উৎসবে দুপুর দুইটা পর্যন্ত ৪৭ দশমিক ৯১ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন। সারাদেশে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোট সুষ্ঠুভাবে শেষ হয়েছে বলে জানিয়েছে সরকার ও নির্বাচন কমিশন। তবে আছে কিছু অভিযোগও। ভোট নিয়ে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতা ও নিরাপত্তা প্রধানদের বক্তব্যে উঠে এসেছে নতুন আগামীর প্রত্যশা।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন সকালে ভোট দিয়ে বলেন, বাংলাদেশ এখন গণতন্ত্রের ট্রেনে চড়েছে এবং এটি গন্তব্যে পৌঁছাবেই। এদেশে আর কোনো পাতানো নির্বাচন হবে না। কেন্দ্র দখল ও ভোটের বাক্স দখলের ইতিহাস আমাদের ভুলে যেতে হবে। তিনি আরও বলেন, মহিলা ও তরুণ ভোটারদের উপস্থিতি দেখে আমি অভিভূত। এই নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের প্রতি আস্থা ফিরে আসবে।

গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, আজ আমার জীবনে মহা আনন্দের দিন। আজ থেকে আমরা নতুন বাংলাদেশ সৃষ্টির সুযোগ পেলাম। আজকের দিনটিকে আমরা জাতির জন্মদিন হিসেবে পালন করতে পারি। তিনি সবাইকে দুঃস্বপ্নময় অতীতকে বর্জনের আহবান জানান।

সপরিবারে ভোট দেওয়ার পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, সুষ্ঠু ভোট হলে আমরা ফলাফল মেনে নেব। তবে ভোট নিয়ে বিভ্রান্তি করলে ফল মানা হবে না। তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ একটি দল অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে, তবে জনগণের স্বতঃস্ফূর্ততার কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, জনগণ নতুন ফ্যাসিবাদকে স্বাগত জানাচ্ছে না। কুমিল্লার মতো কিছু জায়গায় কেন্দ্র দখলের ঘটনা ঘটলেও সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নিয়েছে। তিনি শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।

আদমজী ক্যান্টনমেন্ট স্কুল কেন্দ্রে ভোট দিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা গত দেড় বছর ধরে এই দিনটির অপেক্ষায় ছিলাম। পরিবেশ অত্যন্ত অনুকূল।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট সুষ্ঠু হচ্ছে। একজনের ভোট অন্যজন দেওয়ার অভিযোগ এলেও তা নাকচ করে প্রয়োজনে খতিয়ে দেখার প্রতিশ্রুতিও এসেছে সরকার থেকে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, গত ছয় মাস ধরে অনেক গুজব ছিলো। কিন্তু আজ চমৎকার ভোট হচ্ছে। ২০১৮ সালে আমি এই কেন্দ্র থেকে ভোট না দিয়েই ফিরে গিয়েছিলাম, এবার দিতে পেরেছি।

ইসি সানাউল্লাহ বলেন, টাকাসহ মানুষ ধরা পড়া অ্যালার্মিং নয়, বরং অপরাধীদের জন্য এটি একটি বার্তা যে কেউ ছাড় পাবে না।

 ইইউ মিশন প্রধান ইভার্স ইজাবস বলেন, আমরা দুপুর পর্যন্ত ভোটারদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা দেখছি। আমরা চাই অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য একটি নির্বাচন।

ইসি সচিব আখতার আহমেদ দুপুর সোয়া একটায় জানান, দুপুর ১২টা পর্যন্ত ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। তবে মেহেরপুর ও নোয়াখালীর হাতিয়ায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া গেছে। বিএনপির মুখপাত্র মাহদী আমিন অভিযোগ করেছেন, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ দল বিভিন্ন স্থানে সহিংসতা ও আচরণবিধি লঙ্ঘন করছে।

সবশেষ বিকেল সাড়ে তিনটার দিকে ইসি সচিব আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দুপুর দুইটা পর্যন্ত গত সাড়ে সাত ঘণ্টায় ৩৬ হাজার ৩১টি কেন্দ্রে ভোট পড়েছে ৪৭.৯১ শতাংশ ভোট পড়েছে।

এর আগে দুপুরে ভোটে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক মো. রেজাউল করিম ভোট বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেন। এছাড়া মাদারীপুর-২ আসনের রাজৈর উপজেলার ৮৪ নম্বর নরারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রেজাল্ট শিটে আগাম সই নেওয়ার অভিযোগ উঠেছে প্রিজাইডিং কর্মকর্তা বাকি বিল্লাহর বিরুদ্ধে। অভিযোগের পর তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া শরণখোলা, ঝালকাঠির রাজাপুর, নেত্রকোণার খালিয়াজুরী, ভোলা, গোপালগঞ্জসহ বেশ কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে মারামরি, ককটেল বিস্ফোরণ, জাল ভোটসহ একাধিক অনাকাঙ্খিত ঘটনার খবর পাওয়া গেছে। তবে বেশির ভাগ জায়গায় দ্রুত পদক্ষেপ নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এবারের নির্বাচনের চিত্র অন্য যেকোনো বারের চেয়ে কিছুটা ভিন্ন। ভোটাররা ভোট দিয়েছেন দুটি ভিন্ন ব্যালটে। একটিতে নিজের এলাকার সংসদ সদস্য নির্বাচন করছেন, অন্যটিতে দেশের রাষ্ট্রকাঠামো পরিবর্তনের ‘জুলাই সনদ’-এর ওপর নিজেদের রায় (হ্যাঁ বা না) দিয়েছেন।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী- এবারের নির্বাচনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার এক হাজার ২৩২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *